পুলিশিং সেবাকে আরও দক্ষ, পেশাদার ও জনবান্ধব করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ (ক্যাম্প প্রশিক্ষণ) অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল হতে নায়ক, কনস্টেবল হতে এটিএসআই, নায়ক হতে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে এ ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম; রংপুর ‘ডি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল রানা এবং আরআই (পুলিশ লাইন্স) মোঃ আবু জাফর ফকির।
পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, “দায়িত্ব পালনে প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। ভবিষ্যতে কোনো অপশক্তি যাতে জনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থেকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।”
বিভাগীয় পদোন্নতির এ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের দক্ষতা ও নেতৃত্ব প্রদানের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।