মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত শতবর্ষের ঐতিহ্যবাহী বেউথা ঘাটের নৌকাবাইচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২২টি প্রতিদ্বন্দ্বী নৌকাকে পেছনে ফেলে ‘খেল্লা’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রামের রৌমারীর বাগুয়ারচরের নৌকা ‘মায়ের দোয়া’।
বৈঠার ছন্দ, মাঝিদের তুমুল প্রতিযোগিতা আর নদীর দুই পাড়ে হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে কালীগঙ্গার পাড়। কঠিন প্রতিযোগিতায় একের পর এক শক্তিশালী নৌকাকে পেছনে ফেলে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে রৌমারীর ‘মায়ের দোয়া’।
জানা গেছে, রৌমারীর বাগুয়ারচর থেকে ‘মায়ের দোয়া’ দলটি নৌকা নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে যাত্রা করে। পথে উত্তাল ব্রহ্মপুত্রসহ দীর্ঘ নদীপথ পাড়ি দিতে তাদের সময় লাগে টানা তিন দিন। দীর্ঘ যাত্রার ক্লান্তি উপেক্ষা করে প্রতিযোগিতার মাঠে নামে মাঝিরা।
চূড়ান্ত পর্বে ‘মায়ের দোয়া’ বিজয়ী হওয়ার পর নদীর দুই পাড়ে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। করতালি ও আনন্দধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো বেউথা ঘাট এলাকা।
চ্যাম্পিয়ন হিসেবে ‘মায়ের দোয়া’ দল পেয়েছে প্রথম পুরস্কার হিসেবে ১০০ সিসি একটি মোটরসাইকেল।
রৌমারীর স্থানীয়দের মতে, এই জয় শুধু একটি নৌকাবাইচের বিজয় নয়, এটি রৌমারীর মাঝিদের দক্ষতা, সাহস, ঐক্য ও ঐতিহ্যেরও প্রতিফলন।
মানিকগঞ্জের কালীগঙ্গা থেকে পাওয়া এই সাফল্যের আনন্দ ছড়িয়ে পড়েছে রৌমারীসহ পুরো কুড়িগ্রামজুড়ে।
বিজয়ের পর ‘মায়ের দোয়া’ দলের মাঝি ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানাচ্ছেন স্থানীয়রা।