কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে রাতের আঁধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি এক্সকাভেটর ও একটি ড্রামট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার চৌয়ারা ইউনিয়নের পাগলী খাল এলাকায় আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়, সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে কৃষিজমি থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর ও মাটি পরিবহনে ব্যবহৃত একটি ড্রামট্রাক জব্দ করা হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে মাটি পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনের কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের দাবি, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার ফলে জমির উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে। পাশাপাশি অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে জমিতে বড় গর্ত সৃষ্টি হয়ে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে।
প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা। তাদের দাবি, শুধু পাগলী খাল নয়, উপজেলার অন্যান্য এলাকাতেও অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হোক।
এলাকাবাসীর অভিযোগ, রাতের আঁধারে বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত চক্র সক্রিয় রয়েছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা