ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রফিকুজ্জামান অনু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, জনগণের সেবা ও কল্যাণে কাজ করার লক্ষ্যেই আবারও নির্বাচনে অংশ নিতে চান তিনি। অতীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে যে উন্নয়নের ধারা শুরু করেছিলেন, তা আরও এগিয়ে নেওয়া এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই তাঁর প্রধান লক্ষ্য।
মো. রফিকুজ্জামান অনু বলেন, “জনগণের খেদমত করার জন্যই আবারও নির্বাচনে আসছি। অতীতে আমি যে উন্নয়নের ধারা শুরু করেছিলাম, তা সম্পন্ন করাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, কোদালিয়া শহীদনগর ইউনিয়নকে মাদকমুক্ত, শিক্ষিত ও আধুনিক ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
নির্বাচনে জয়ী হলে এলাকার শিক্ষা, যোগাযোগব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, মাদকবিরোধী কার্যক্রম এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
তাঁর প্রার্থিতার ঘোষণাকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে বলে জানা গেছে।