চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দাসপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে পথচারী, শিক্ষার্থী, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি সড়কটি দিয়ে যানবাহন চলাচলেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় দিন দিন এর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে সামনে জনদুর্ভোগ আরও বাড়তে পারে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দাসপাড়া সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করবে। একই সঙ্গে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের মাধ্যমে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা।