বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে স্থাপিত ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্লান্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার প্লান্টটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন । সভাপতি তো করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিলকিস জাহান রিমি । অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন কেবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন ও কেবল শিল্পের সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন । পরে তিনি প্রতিষ্ঠানটির অভ্যন্তরে একটি নিমগাছের চারা রোপণ করেন।
এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, বাসাবাড়িতে ব্যক্তিগতভাবে সোলার প্যানেল স্থাপনে উৎসাহিত করতে সরকারিভাবে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রে ১ শতাংশ সুদে ঋণ দেওয়ার উদ্যোগের কথাও তিনি জানান।
বাংলাদেশ কেবল শিল্পের এই রুফটপ সোলার প্লান্ট চালুর ফলে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে সংশ্লিষ্টরা জানান।