এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বহিরাগতদের সঠিক তথ্য সংরক্ষণের লক্ষ্যে ঢাকার দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজে ভাড়াটিয়া তথ্য সংগ্রহ, ফরম বিতরণ ও কমিউনিটি পুলিশিং বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় কলেজ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে মুক্ত রাখতে হবে। তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, বরং জনগণ ও শিক্ষার্থীদের সচেতন হয়ে তথ্য দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করতে হবে। এ সময় তিনি প্রত্যেক বাড়িওয়ালাকে সতর্কতার সঙ্গে ভাড়াটিয়াদের সঠিক তথ্য সংরক্ষণের আহ্বান জানান, যাতে কোনো অপরাধী ছদ্মবেশে এলাকায় আশ্রয় নিতে না পারে।
অনুষ্ঠানে স্থানীয় বাসাবাড়ি ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে ভাড়াটিয়াদের সঠিক তথ্য সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে উপস্থিত বাড়িওয়ালা, মেস মালিক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘ভাড়াটিয়া তথ্য ফরম’ বিতরণ করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে পূরণকৃত ফরম নিকটস্থ থানায় জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সভাপতির বক্তব্যে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, কমিউনিটি পুলিশিং সদস্যদের আইডি কার্ড ও নির্দিষ্ট পোশাক প্রদানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের পরিচয় ব্যবহার করে কেউ যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। অতীতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সদস্যদের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার তাগিদ দেন।
মতবিনিময় সভা ও ফরম বিতরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।