মাদকের ভয়াবহ থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকবিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
মীরসরাই থানা পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ সমাবেশে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা এ সামাজিক উদ্যোগে সংহতি জানিয়ে অংশ নেন।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি যা তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকের বিস্তার রোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন মানুষকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তরুণদের মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা, শারীরিক কসরত ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জোর আহ্বান জানান উপস্থিত অতিথি ও শিক্ষকবৃন্দ।
সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন প্লেকার্ড প্রদর্শনের পাশাপাশি সচেতনতামূলক নানা স্লোগান দেয়। বক্তারা একযোগে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।