ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট’ গ্রহণের পরামর্শ অনুসরণের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক ডায়াবেটিক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে অলটারনেটিভ লাইফস্টাইল প্রচারক ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠান ‘হেলথ রেভল্যুশন লিমিটেড’-এর বিরুদ্ধে। ঘটনাটি খতিয়ে দেখতে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তদন্ত কমিটি গঠন সংক্রান্ত নোটিশ জারি করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ঢামেক হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি (হরমোন ও ডায়াবেটিস) বিভাগ থেকে উত্থাপিত লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট রোগীকে চিকিৎসকের প্রেসক্রাইবড ইনসুলিন বন্ধ করে লাইফস্টাইল মডিফিকেশন ও অর্গানিক সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে শারীরিক জটিলতা তৈরি হলে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।
গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে এবং সদস্যসচিব করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে সুনির্দিষ্ট মতামত ও তথ্য প্রমাণভিত্তিক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির মাধ্যমে মূল বিষয়ে যাচাই করা হবে—রোগীকে ইনসুলিন বন্ধের প্রত্যক্ষ কোনো পরামর্শ দেওয়া হয়েছিল কি না, চিকিৎসাগত নির্দেশনা কতটুকু মানা হয়েছিল এবং ইনসুলিন বন্ধের সাথে রোগীর মৃত্যুর প্রত্যক্ষ কোনো সম্পর্ক রয়েছে কি না। তদন্ত প্রতিবেদন হস্তান্তরের পর পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।