বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা রক্ষা এবং স্থানীয় উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
সভায় বক্তারা তাঁতশিল্প সমৃদ্ধ বেলকুচি উপজেলার অর্থনৈতিক সম্ভাবনা, নদীভাঙন কবলিত চরাঞ্চলের মানুষের দুর্ভোগ, অবকাঠামোগত সমস্যা ও তৃণমূলের মানুষের অধিকারের কথা নিরপেক্ষভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে অপসাংবাদিকতা প্রতিরোধ ও স্থানীয় প্রশাসনের সাথে ইতিবাচক সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বেলকুচি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুজ্জামানের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
পরিচিতি ও মতবিনিময় সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান খন্দকার, সহ-সভাপতি মোঃ আবু হোসেন, সাংগঠনিক সম্পাদক মুঞ্জুরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাদ্দাম হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী হোসেনসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে বেলকুচির সার্বিক অগ্রগতিতে সকল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভা শেষ করা হয়।