সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) রাতে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন প্রতিমন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
এ সময় রুহুল কবির রিজভী প্রতিমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি দায়িত্বরত চিকিৎসক ও প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা এবং কেন্দ্রীয় অর্থ বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন।
উল্লেখ্য, একই দিন শুক্রবার সকালে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটে যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি। এতে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ও তাঁর সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন।
প্রাথমিকভাবে তাঁদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানকার তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর দুই পায়ে এবং বুকে আঘাত লেগেছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।