সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে আলোচনা সভা ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার হাড়িডাঙ্গা মন্দিরে এ আলোচনা সভা ও সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব শহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের ন্যায়ভিত্তিক জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ ও প্রীতিময় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখাই শ্রীকৃষ্ণের মূল শিক্ষা। এই ধরনের ধর্মীয় উৎসব সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানকে আরও সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে আগত এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার এই উদ্যোগ স্থানীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।