লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি গার্লস স্কুলের শিক্ষার্থীদের আইসিটি শিক্ষার মানোন্নয়ন এবং রাতের বেলায় স্কুল প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিতে ল্যাপটপ ও ল্যাম্পপোস্ট বিতরণ করা হয়েছে।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের পক্ষে থেকে এসব সামগ্রী স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এমপি রাজীব প্রধানের প্রতিনিধিত্ব করেন নওদাবাস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম, সদস্য সচিব আনিসুর রহমান বকুল এবং আহ্বায়ক সদস্য আবতাবুল হক সাজু।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি এ বি এম আসমাউল হাবীব রানা, সাধারণ সম্পাদক ডালিম হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং কৃষক দলের সভাপতি আশরাফ আলী মেম্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সরকারের ৩১ দফার মূল লক্ষ্য অনুযায়ী জনগণের চাহিদা ও শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছেন মাননীয় এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তাঁরা আশ্বস্ত করেন।