স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছেলে সাঈদ ইব্রাহিমের মধ্যস্থতায় জাপানি কোম্পানি ‘মিয়াগাওয়া কনস্ট্রাকশন’-এর প্রায় ৪০ হাজার কোটি টাকার (৩.৪ বিলিয়ন ডলার) সেতু নির্মাণ সংক্রান্ত আলোচনা নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাপানের ওই কোম্পানির পূর্বে কখনো কোনো বৃহদাকার সেতু নির্মাণের অভিজ্ঞতা ছিল না। বাংলাদেশে ৪০ হাজার কোটি টাকার এই প্রজেক্ট পাওয়ার চেষ্টা করলেও এর আগে ৪০ কোটি টাকার কোনো প্রজেক্ট বাস্তবায়নেরও অতীত ইতিহাস নেই কোম্পানিটির। এর আগে ২০২১ সালে এই সংক্রান্ত প্রস্তাবনা যাচাই-বাছাই শেষে বাতিল করা হলেও সাম্প্রতিক সময়ে তা পুনরায় আলোচনায় আনা হয়েছে।
পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিমের প্রতিষ্ঠিত কোম্পানির অবকাঠামোগত কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা এবং এত বড় বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) প্রকল্পে যুক্ত হওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
বিশ্লেষকদের মতে, সরকারের উচ্চপর্যায়ের সরাসরি রাজনৈতিক প্রভাব ও গণমাধ্যমের নীরবতার সুযোগে যদি এই ধরনের অভিজ্ঞতা ছাড়া প্রজেক্ট পাস হয়, তবে তা দেশের অর্থনীতির জন্য চরম ক্ষতিকর হবে। জনগণের কষ্টার্জিত অর্থ ও উন্নয়ন টেকসই না হলে রাষ্ট্র অর্থনৈতিকভাবে ‘তলাবিহীন ঝুড়িতে’ পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।