পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জলসিঁড়ি গলফ ক্লাবে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৬ সালে এসএসসি পাস করা বন্ধুদের সামাজিক সংগঠন ‘৮৬ ক্লাব বসুন্ধরা’-এর উদ্যোগে এ কর্মসূচি সম্পন্ন হয়।
‘ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও পরিবেশবান্ধব চারা রোপণ ও বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কেবল চারা রোপণ নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতেও তাঁরা বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে ৮৬ ব্যাচের বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজ হাতে চারা রোপণ করেন। আয়োজক প্রতিনিধিরা জানান, বন্ধুদের পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতাকে কাজে লাগিয়ে আগামী দিনেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখা হবে।