লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশ করে কৃষকদের ওপর হামলার চেষ্টা চালিয়ে তোপের মুখে পড়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে নিজেদের দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান বিএসএফের টহল দল।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত এলাকায় ৯০৭ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের সদস্যরা বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে কৃষকদের বাধা দেয় ও এক কৃষককে মারধর করে। এ সময় স্থানীয় কৃষকেরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ সদস্যরা তাদের অস্ত্র ও ওয়াকিটকি ফেলে ভারতের ভেতরে পালিয়ে যান। পরবর্তীতে কৃষকেরা জব্দ করা দুটি শর্টগান ও ওয়াকিটকি বিজিবির বনচৌকি ক্যাম্পে জমা দেন।
ঘটনার পর মঙ্গলবার রাতে ১৫ বিজিবি ও ৭৮ বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বিএসএফের কাছে অস্ত্র ও ওয়াকিটকি হস্তান্তর করেন এবং সীমান্তে বাংলাদেশি কৃষকদের হয়রানি ও অনুপ্রবেশ বন্ধের কড়া প্রতিবাদ জানান।