নওগাঁর সীমান্তঘেঁষা ধামইরহাট উপজেলায় নেশা বিক্রিতে বাধা দেওয়া এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এক মুদি ব্যবসায়ীর পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
উপজেলার দক্ষিণ চকযদু হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী জয়নাল আবেদীনের অভিযোগ, এলাকার চিহ্নিত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময় পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করায় ক্ষুব্ধ হয়ে তারা এ পরিকল্পিত হামলা চালিয়েছে।
থানায় দায়ের করা লিখিত এজাহার সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন চিহ্নিত ব্যক্তি জয়নাল আবেদীনের দোকানে ঢুকে তাকে জোরপূর্বক টেনে বাইরে এনে মারধর শুরু করে। এ সময় তাকে বাঁচাতে তার স্ত্রী ও মেয়ে এগিয়ে এলে তাদেরও বেদম লাঠিপেটা করা হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়।
এলাকায় মাদক ব্যবসায়ীদের এমন দুঃসাহসিক কর্মকাণ্ডে স্থানীয় সচেতন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।