জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র খুলনা মহানগর শাখা গঠনে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা শুরু হয়েছে। সদ্য শেষ হওয়া সাক্ষাৎকার প্রক্রিয়ার পর খুব শীঘ্রই দলটির জেলা ও মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার আভাস মিলেছে। এই সম্ভাব্য নেতৃত্বের দৌড়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন চিকিৎসক ও তরুণ সংগঠক ডা. আব্দুল্লাহ চৌধুরী।
দলের যুবশক্তি ও ছাত্রশক্তির একাংশ ডা. আব্দুল্লাহ চৌধুরীকে খুলনা মহানগরের আহ্বায়ক পদে দেখতে আগ্রহী।
ডা. আব্দুল্লাহ চৌধুরী মূলত জুলাই আন্দোলনের সময় চিকিৎসকদের সংগঠিত করে আহতদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করে নজর কাড়েন। এর আগে ২০২৩ সালের খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সামাজিক সংগঠন ‘আগুয়ান-৭১’-এর ব্যানারে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করে নগর রাজনীতিতে তরুণদের প্রতিনিধি হিসেবে পরিচিতি পান তিনি।
উল্লেখ্য, গত ২০ আগস্ট খুলনায় জেলা ও মহানগরের নেতৃত্ব প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সারোয়ার তুষার এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক।
চিকিৎসক হিসেবে পেশাগত পরিচয়, আন্দোলনে ভূমিকা ও মাঠে সক্রিয়তার কারণে এনসিপির শিক্ষিত ও তরুণ কর্মীদের মধ্যে তার ইতিবাচক গ্রহণযোগ্যতা রয়েছে। তবে এনসিপি কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এখন কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় খুলনার রাজপথ ও নেতাকর্মীরা।