দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে শৈশব থেকেই সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বাড়াতে সিলেটের ওসমানীনগরে চালু করা হয়েছে ‘সততা স্টোর’।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই ‘সততা স্টোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন এই স্টোরের কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা সুলতানার সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আলী আকবরের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. ছুরাব আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়; এর জন্য সমাজের প্রতিটি স্তরে নৈতিকতার চর্চা বাড়াতে হবে। ‘সততা স্টোর’ শিক্ষার্থীদের জন্য কোনো সাধারণ দোকান নয়, বরং এটি সততা ও বিশ্বাসের প্রতীক। এখান থেকে শিক্ষার্থীরা কোনো বিক্রেতা ছাড়াই প্রয়োজনীয় পণ্য কিনে নিজেরাই নির্ধারিত বাক্সে মূল্য পরিশোধ করবে। এতে শিশু-কিশোরদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ ও সততার অভ্যাস তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর দুর্নীতি দমন কমিশনের সহসভাপতি রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, প্রবাসী কমিউনিটি নেতা হিফজুর রহমান এবং ট্রাস্টি আবদুর রহিম। এ সময় স্থানীয় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।