ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংলগ্ন ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন ধরে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। নিয়মিত সংস্কার ও তদারকির অভাবে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের পারাপারের এই গুরুত্বপূর্ণ মাধ্যমটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, ফুটওভার ব্রিজটির সিঁড়ি জরাজীর্ণ হয়ে পড়েছে এবং এর মেঝের পাটাতনে তৈরি হয়েছে বড় বড় গর্ত। অসাবধানতাবশত পা পিছলে বা গর্তে পড়ে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ব্রিজজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা, যা থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ।
দুর্গন্ধ আর জরাজীর্ণ দশার পাশাপাশি এটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের নিরাপদ আড্ডাস্থলে। রাত বাড়লেই এখানে বাড়ে বহিরাগত ও মাদকসেবীদের উপস্থিতি, যার ফলে এই পথ দিয়ে যাতায়াতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে থাকেন পথচারীরা। এসব কারণে বর্তমানে ফুটওভার ব্রিজটি দিয়ে মানুষের পারাপার প্রায় বন্ধ বললেই চলে।
বিশ্ববিদ্যালয় এলাকা ও সংলগ্ন সড়কে নিরাপদ পারাপার নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে অবিলম্বে ফুটওভার ব্রিজটি মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও প্রশাসনিক নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।