ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির বাসের ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ওই ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ শেষ করে হেঁটে বাড়ি ফিরছিলেন আব্দুল খালেক। বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে পৌঁছালে গ্রীণ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে জোর ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাবেক এই জনপ্রতিনিধির এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে কমলদহ গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।