খুলনা মহানগরে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার ও গতিশীল করতে ‘জাতীয় ছাত্রশক্তি’ খুলনা মহানগর শাখার অধীনে সদর ও সোনাডাঙ্গা থানার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে আগামী ৬ মাসের জন্য এই নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত সোনাডাঙ্গা থানা আহ্বায়ক কমিটিতে সারোয়ার শেখ রাজনকে আহ্বায়ক এবং মো. রেজোয়ান শেখ ফয়সালকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. মাহমুদুল নবী ও আব্দুল্লাহ আল নাঈম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে শেখ সাকিব ও খালিদ স্থান পেয়েছেন। এছাড়া সদর থানা শাখাতেও একই কাঠামোর নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে।
কমিটি ঘোষণার পর নবগঠিত এই নেতৃত্বকে উষ্ণ ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছে খুলনা মহানগর শাখা ছাত্রশক্তি। এ সময় নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করে বলেন, ৪৭-এর চেতনা, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাক্সক্ষাকে ধারণ করে সামনের দিনে শিক্ষাঙ্গনে সুস্থ রাজনৈতিক পরিবেশ ও ছাত্র অধিকার রক্ষায় কাজ করা হবে।
নেতৃবৃন্দ আরও জানান, নতুন দুই থানা কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।