চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোবারকঘোনা গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনাবাজার সড়কটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর অবশেষে নিজস্ব উদ্যোগে সংস্কার করা হয়েছে। মিরসরাই উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় সড়কটির জরুরি মেরামত কাজ সম্পন্ন হয়।
জানা যায়, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় সড়কটির বিভিন্ন স্থান ভেঙে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে কোনো সরকারি সংস্কার কাজ না হওয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, অসুস্থ রোগী ও পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ায় ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
জনসাধারণের এই দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসেন মোবারকঘোনা গ্রামের সন্তান ও কৃষকদল নেতা আনোয়ার হোসেন। স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সংগঠিত করে তিনি সড়কটির ক্ষতিগ্রস্ত অংশে মাটি ও ইট-পাথর ফেলে চলাচলের উপযোগী করে তোলেন।
এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, “মিরসরাইয়ের গণমানুষের নেতা নুরুল আমিন এমপির জনকল্যাণমুখী রাজনীতির নির্দেশনাকে ধারণ করে এবং ধুম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক অভিভাবক মেজবাউল হক মানিকের পরামর্শে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। ভবিষ্যতে এলাকার যেকোনো প্রয়োজনে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।