বর্তমান সরকার পরিচালনার ১৮০ দিন পূর্তিতে প্রকাশিত একটি জাতীয় জরিপে জনমতের অত্যন্ত তাৎপর্যপূর্ণ চিত্র উঠে এসেছে। জরিপের ফলাফল অনুযায়ী, গত ১৮০ দিনের পথচলায় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশের ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ। যা স্পষ্টতই তাঁর নেতৃত্বের প্রতি জনগণের বড় অংশের ইতিবাচক মূল্যায়নের প্রকাশ।
অন্যদিকে, জরিপে উঠে এসেছে সরকারের সার্বিক কর্মকাণ্ডে জনসন্তুষ্টির হার ৫৪ দশমিক ৫ শতাংশ। প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির পরিমাণের তুলনায় সরকারের সামগ্রিক কার্যক্রমে এই হার কিছুটা কম হলেও, অর্ধেকেরও বেশি মানুষের এই ইতিবাচক মতামত সরকারের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
বিশেষজ্ঞদের মতে, সরকার পরিচালনার প্রথম ছয় মাসের এই চিত্রটি প্রধানমন্ত্রীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও প্রত্যাশার একটি স্বচ্ছ প্রতিফলন। তবে প্রাপ্ত এই ইতিবাচক অবস্থানকে দীর্ঘমেয়াদে বজায় রাখতে আগামী দিনে সুশাসন নিশ্চিত করা, অর্থনৈতিক গতিশীলতা আনা এবং নাগরিক সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার বড় চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে।