দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের চিকিৎসার শেষ ভরসাস্থল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চরম স্থান সংকট ও সেবার বেহাল দশা বিরাজ করছে। ২৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী চিকিৎসা নিতে আসায় নিচতলা থেকে চারতলা পর্যন্ত পুরো বারান্দা, করিডোর, এমনকি সিঁড়ির পাশও এখন রোগীদের দখলে।
সরেজমিনে দেখা যায়, বহির্বিভাগ থেকে শুরু করে হাসপাতালের ভেতর ওয়ার্ডের ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি রোগী অবস্থান করছেন। শয্যা না পেয়ে রোগী ও তাদের স্বজনেরা মেঝতেই কাঁথা, পাটি পেতে মানবেতর দিন কাটাচ্ছেন। পরিচ্ছন্নতার অভাবে ছাদ থেকে পানি চুইয়ে পড়া, ক্ষয়ে যাওয়া দেয়াল এবং নোংরা শৌচাগারের কারণে ভোগান্তি চরমে পৌঁছেছে। এমনকি বাইরের আঙিনায় কাদা-পানি ও অব্যবস্থাপনার কারণে অ্যাম্বুলেন্স প্রবেশের পথও অবরুদ্ধ হয়ে পড়ছে।
ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান, স্বল্প খরচে চিকিৎসার আশায় সাধারণ মানুষ এই সরকারি হাসপাতালে আসেন। অথচ প্রয়োজনীয় অবকাঠামো, ওষুধ ও জনবলের অভাবে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অবিলম্বে হাসপাতালটির শয্যা সংখ্যা, জনবল ও চিকিৎসা সুযোগ-সুবিধা বৃদ্ধি করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।