চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। করেরহাট ইউনিয়নের একাধিক ঘাটে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু উত্তোলন সরঞ্জাম বিনষ্টসহ বালু ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। এতে জোরারগঞ্জ থানা পুলিশ ও বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২০ হাজার ফুট পাইপ এবং ১০টি শ্যালো মেশিন ধ্বংস ও বিনষ্ট করা হয়। একই সাথে ঘটনাস্থলে থাকা উত্তোলিত বালু এবং একটি বালু বোঝাই ট্রাক জব্দ করে প্রশাসন।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার জানান, “অনুমোদনহীন ও অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর নাব্যতা নষ্ট হওয়াসহ পরিবেশের ভারসাম্য চরম হুমকির মুখে পড়ছে। এতে স্থানীয় জনসাধারণের জনসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনিক অনুমতি ছাড়া কাউকেই বালু তুলতে দেওয়া হবে না। সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”