“প্রকৃতি রক্ষা করি, পরিচ্ছন্ন দেশ গড়ি, সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে মুক্তাগাছায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) স্কাউটসের মুক্তাগাছাস্থ আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।
অনুষ্ঠানে স্কাউটদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘ওয়ার্ল্ড ভিশন’ মুক্তাগাছা সাউথ এরিয়া প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতনসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।