দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে ৮ বছর টানা কাজের পর টানেল নির্মাণ শেষ হতেই কর্মহীন হয়ে পড়ার অভিযোগে খনির প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ১৬৮ জন শ্রমিক। পুনর্বহালের দাবিতে গত শনিবার থেকে শুরু হওয়া এই আন্দোলন অব্যাহত রয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রায় আট বছর আগে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিএমসি-এক্সএমসি’ কনসোর্টিয়ামের অধীনে ভূগর্ভে টানেল নির্মাণের কাজে তারা যোগ দেন। পরবর্তীতে সাব-কনট্রাক্টর ‘জেএসএমই’র অধীনে এসব শ্রমিক কাজ চালিয়ে আসছিলেন। সম্প্রতি টানেল নির্মাণের কাজ শেষ হলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই গত শনিবার সকালে তাদের কাজ যোগদানে বাধা দেওয়া হয়। কোনো বিকল্প ব্যবস্থা না করেই হঠাৎ কাজ বন্ধ করে দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।
কর্মস্থলে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। তাদের দাবি, দীর্ঘদিনের অভিজ্ঞতা বিবেচনা করে তাদের খনির অন্য কোনো কাজে পুনর্বাসিত করা হোক।
এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম জানান, শ্রমিকরা সাব-কনট্রাক্টরের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হওয়ায় সরাসরি খনি কর্তৃপক্ষের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত। তবে শ্রমিকদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে সমস্যা সমাধানের লক্ষ্যে উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।