“মাঠের বাস্তবতা বুঝে কার্যকর উদ্যোগ গ্রহণই জনসেবার মূল ভিত্তি,” বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে শুধু নীতিমালা তৈরি করলেই হবে না; মাঠ পর্যায়ের নিয়মিত মনিটরিং ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
শনিবার ময়মনসিংহের নেপ অডিটোরিয়ামে আয়োজিত “প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ময়মনসিংহ সফরের অংশ হিসেবে সার্কিট হাউজে অবস্থানকালে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
কর্মশালায় মূল বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, “প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে হলে শুধু ঢাকা থেকে নির্দেশ জারি করলে হবে না। উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত গিয়ে বাস্তব সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধান নিশ্চিত করতে হবে।”
কর্মশালায় শ্রেণিকক্ষের কার্যকারিতা বৃদ্ধি, শিক্ষকদের আধুনিক পাঠদান পদ্ধতি, নিয়মিত মনিটরিং ব্যবস্থা, প্রশাসনিক জবাবদিহিতা এবং শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে মাঠ প্রশাসনের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর মহাপরিচালক জনাব ফরিদ আহমদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) জনাব মীর আবদুল আউয়াল আল মেহেদী।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে মাঠ পর্যায়ের সমন্বয় জোরদার হবে এবং প্রতিটি শিশু মানসম্মত শিক্ষার সুযোগ পাবে।