দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ ও তার পরিবারের বিরুদ্ধে জমি দখলের মিথ্যা অভিযোগ এবং বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট ২০২৬) ফুলবাড়ীতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ইমরান চৌধুরী নিশাদ ও তার পরিবারের সদস্যরা উপস্থিত থেকে লিখিত বক্তব্য প্রদান করেন।
লিখিত বক্তব্যে শিক্ষা উদ্যোক্তা ও এনসিপি নেতা ইমরান চৌধুরী নিশাদ জানান, গত ১০ আগস্ট একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সংবাদ মারফত তিনি জানতে পারেন, ফুলবাড়ী থানার রাঙ্গামাটি (ছেওয়ানী) বাজারের জেবউন নেহার নামে এক নারী তার ও পরিবারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে থানায় নালিশ করেছেন। নিশাদ দাবি করেন, ভিত্তিহীন ও যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচারের ফলে তার ও পরিবারের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, “আসন্ন ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই একটি রাজনৈতিক ও ক স্বার্থান্বেষী মহল আমাকে এবং আমার দল এনসিপি-কে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।” মিথ্যা অভিযোগ ও সংবাদের ফলে পরিবারসহ মানসিকভাবে বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জমির মূল মালিক আব্দুল মাজেদ চৌধুরী বলেন, বিতর্কিত জমিটি তারা ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে ক্রয় করেছেন। সামাজিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও অপর পক্ষ তা প্রত্যাখ্যান করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। তিনি সাংবাদিকদের নিরপেক্ষ অনুসন্ধানের অনুরোধ জানান।