নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর প্রধান কার্যালয় স্থানান্তরের আলোচনার মধ্যে কঠোর বার্তা দিয়ে ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না। রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে।”
বুধবার (৫ আগস্ট ২০২৬) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের অবস্থান পরিষ্কার করে ভূমিমন্ত্রী বলেন, “রাজশাহী হবে ফার্স্ট। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি কিংবা মেয়রের পদ বড় বিষয় নয়। এই মাটিতেই আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে। আর কোন কন্ট্রাক্টর কোথায় কোথায় কী বলল, তাতে কিছুই আসে যায় না।”
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে স্থানান্তরের বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা চলছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডিও লেটার সংক্রান্ত নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।
সম্প্রতি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় স্থানান্তরের পর নেসকোকে কেন্দ্র করে রাজশাহীর ব্যবসায়ী, নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন তীব্র উদ্বেগ প্রকাশ করছিল। এ প্রেক্ষাপটে ভূমিমন্ত্রীর এমন স্পষ্ট ও প্রকাশ্যে অবস্থান আঞ্চলিক রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।