রাজশাহী জেলা প্রশাসন, আরএমপি, জেলা পুলিশ, রাজশাহী সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের সার্বিক ব্যবস্থাপনায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ পর্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত হয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় রাজশাহী রেঞ্জ ডিআইজি, রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে রাজশাহী জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে নিরবতা পালন ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।