খুলনার কয়রার সুন্দরবন সংলগ্ন শাকবাড়িয়া নদীর তীরবর্তী গোলবাগান এলাকা থেকে আনুমানিক ৭০ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা, একটি ডিঙি নৌকা এবং হরিণ শিকারে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করেছে বন বিভাগ। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে চোরশিকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
রোববার (২ আগস্ট ২০২৬) রাত ৯টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের অধীন কাশিয়াবাদ স্টেশনের বনকর্মীরা উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামের শাকবাড়িয়া নদীর চরে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ স্টেশনের ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষীদের একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় গোলবাগানের ভেতরে চোরশিকারিদের ফেলে রাখা প্রায় ৭০ কেজি হরিণের মাংস, দুটি মাথা, একটি ডিঙি নৌকা ও হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত শিকারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।