জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবের অনুসারীরা।
রোববার (২ আগস্ট ২০২৬) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা সাইফুল আলম নীরব।
সমাবেশে তিনি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র সমালোচনা করে বলেন, “শেখ হাসিনার শাসনামলে যারা খাওয়াদাওয়া করতে পারত না, মেসের ভাড়া দিতে পারত না— তারাই এখন দামি গাড়িতে চড়ে, দামি জুতা পরে। ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে পাটওয়ারীরা দেশটা লুটেপুটে খেয়েছে এবং হাজার হাজার কোটি টাকা কামিয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “বিএনপি সরকারের আমলে সেই লুটপাটের সুযোগ না থাকায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। যে কারণে তারা এখন বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিচ্ছে।”
হঠাৎ রাজপথে এমন বিক্ষোভ কর্মসূচি ও নির্দিষ্ট নেতার বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণ ব্যাখ্যা করে নীরব বলেন, “একটি নির্দিষ্ট গোষ্ঠী আমাদের শীর্ষ নেতৃত্ব, তাদের পরিবারের সদস্য ও জাতীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে। এর প্রতিবাদেই আমাদের রাজপথে নামা। যে-ই বিএনপির নেতাদের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেবে, তার বিরুদ্ধে আমাদের এই কঠোর প্রতিবাদ রাজপথে অব্যাহত থাকবে।”
সংক্ষিপ্ত সমাবেশ শেষে কারওয়ান বাজার থেকে একটি বড় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারী ও বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর বিপক্ষে বিভিন্ন স্লোগান দেন।