দিনাজপুরের বিরল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের বাস্তবায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রী ও দুস্থ ব্যক্তিদের মাঝে শিক্ষা বৃত্তি, অনুদানের চেক, প্রতিবন্ধীদের মাঝে পরিচয়পত্র এবং মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল বিরল উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী ও চেক তুলে দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ সাদিক রিয়াজ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় মৎস্য চাষীদের উৎসাহিত করতে ইউনিয়ন পর্যায়ে প্রদর্শনীর জন্য নানা উপকরণ দেওয়া হয়। একই সঙ্গে এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের মাঝে সরকারি পরিচয়পত্র এবং দুস্থ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে আর্থিক বৃত্তির অনুদান তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে এমপি সাদিক রিয়াজ বলেন, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার বদ্ধপরিকর। সরকারের এই সুযোগ-সুবিধাগুলো কাজে লাগিয়ে বিরল উপজেলাকে একটি স্বনির্ভর উপজেলায় রূপান্তর করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।