রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা ফুলতলা নদীর ধার পর্যটন কেন্দ্র এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন, রাজশাহী’ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
গত শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অভিযান শুরুর আগে রাসিক প্রশাসক উপস্থিত বিডি ক্লিন, রাজশাহীর সদস্যদের পরিবেশ রক্ষার শপথবাক্য পাঠ করান।
সুন্দর নগরী গড়তে সম্মিলিত প্রয়াস:
উদ্বোধনকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহীকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর মহানগরী হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে কেবল প্রশাসনের পক্ষে এটি সম্পূর্ণ সম্ভব নয়, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা প্রতিটি নাগরিকেরই অন্যতম প্রধান দায়িত্ব। রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন, বাসযোগ্য, সুন্দর ও পরিবেশবান্ধব রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে।” তিনি নগরীর সৌন্দর্য সংরক্ষণে যুবসমাজসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত অতিথিবৃন্দ:
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের উপদেষ্টা ও আল-আকসা-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডি ক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক মো. শাহাদাৎ হোসেন, জেলা সমন্বয়ক মাহফুজ আহমেদসহ সংগঠনের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন।