নেত্রকোনার মদন, খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলায় আয়োজিত “পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন অনুষ্ঠান-২০২৬”-এ অংশগ্রহণের উদ্দেশ্যে নেত্রকোনা সার্কিট হাউজে এসে উপস্থিত হয়েছেন নেত্রকোনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ লুৎফুজ্জামান বাবর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ (এমপি)।
আজ শুক্রবার (৩ জুলাই) অতিথিবৃন্দ নেত্রকোনা সার্কিট হাউজে পৌঁছালে তাঁদের আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং অতিরিক্ত জেলা প্রশাসকগণ।
জানা গেছে, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য জনাব মোঃ লুৎফুজ্জামান বাবরের বিশেষ আমন্ত্রণে আজ শুক্রবার নেত্রকোনাসহ তাঁর নিজ নির্বাচনি এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে ওনাদের এই যৌথ আগমন ঘটেছে।
আজ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই তিন উপজেলায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই কর্মসূচি অঞ্চলের মৎস্য উৎপাদন বৃদ্ধি ও জলাশয়গুলোর জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্থানীয় সুধীজন ও জনসাধারণের সাথে মতবিনিময় করবেন।