আসন্ন জাতীয় বাজেট ২০২৬–২৭ উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৪ নম্বর বেতদিঘী ইউনিয়নে বাজেট সচেতনতা এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে এক বিশাল প্রচারণামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার বিকেল ৫টায় বেতদিঘী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে মাদিলা বাজার থেকে শুরু করে বাজারের শেষ প্রান্ত পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটিতে দলীয় নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ এক অভূতপূর্ব জনস্রোতের সৃষ্টি করে।
স্লোগানে মুখরিত রাজপথ:
র্যালিতে অংশগ্রহণকারীরা দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে “উন্নয়নের ধারাবাহিকতায় পরিকল্পনা ও যুগোপযোগী সিদ্ধান্তের নতুন বাংলাদেশ” এবং তরূণ সমাজকে রক্ষার স্লোগান “মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি” সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। তাদের জোরালো স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
আলোচনা সভার বার্তা: র্যালি শেষে মাদিলা বাজার চত্বরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নকে গতিশীল করতে একটি জনবান্ধব ও বাস্তবসম্মত বাজেট বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। একই সাথে সীমান্ত ঘেঁষা এই অঞ্চলে মাদকের ভয়াবহ ছোবল ও চোরাচালান থেকে যুবসমাজকে রক্ষা করতে সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উক্ত সচেতনতামূলক র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় ৪ নম্বর বেতদিঘী ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।