আসন্ন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ও বিজরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং লাকসাম উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। দীর্ঘ দিন ধরে মহাসড়কের জায়গা দখল করে নির্মিত ছোট-বড় দোকান, টিনশেড ঘর ও অস্থায়ী অবকাঠামোর কারণে ওই এলাকায় তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। সওজ থেকে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও দখলদাররা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এসব গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং কুমিল্লা সওজের উপবিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান।
সফরের প্রস্তুতি:
আগামী শনিবার চাঁদপুর যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেবেন। এরপর তিনি চাঁদপুরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় সাংগঠনিক সভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতেই সড়ক সওজের জায়গা দখলমুক্ত করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান জানান, জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতেই এই অভিযান। ভবিষ্যতে মহাসড়কের জায়গা পুনরায় দখলের চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।