মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন।
তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায়, শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমেছেন। তাঁদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি দুজন নিখোঁজ হন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. মারুফ (৪০) ও মো. রাসেল (৩৫)। মারুফের বাড়ি ঢাকার খিলগাঁওয়ে এবং রাসেলের বাড়ি পটুয়াখালীতে। তাঁরা দুজনই শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, নিখোঁজ দুজনকে উদ্ধার না করা পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে।
কালান্তর নিউজ | সত্যের পথে, মানুষের পক্ষে।