বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুক্তরাজ্য শাখার আংশিক নির্বাহী কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেটের ওসমানীনগরের আব্দুল মালিক। গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে যুক্তরাজ্য বিএনপির লেটারহেডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যুক্তরাজ্য বিএনপির আংশিক নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মো. আক্তার আলী, সিনিয়র সহসভাপতি হিসেবে মিসবাহ চৌধুরী, সাধারণ সম্পাদক হিসেবে বোরহান উদ্দিন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল মালিকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক হিসেবে সাব্বির খান এবং সদস্য হিসেবে এনামুল হক লুলুর নাম রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি এবং প্রয়োজনীয়সংখ্যক সদস্য নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে অনুমোদনক্রমে স্বাক্ষর করেন আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব খসরুজ্জামান খসরু।
আব্দুল মালিক সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের রাউতখাই গ্রামের বাসিন্দা। তিনি ওসমানীনগর থানা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির শেফিল্ড শাখার সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।