দিনাজপুরের পার্বতীপুরে বাড়ি নির্মাণের পারিশ্রমিক ও রাস্তার জমি নিয়ে বিরোধের ঘটনায় মনোরঞ্জন রায় (৫৫) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায়, প্রয়াত শিক্ষক আজিজুল হকের বাড়ির নির্মাণকাজের পারিশ্রমিক, ইউক্যালিপ্টাস গাছের কাঠের হিসাব ও শ্রমিকদের মজুরি বণ্টন নিয়ে বিরোধ চলছিল। এ ছাড়া বাড়ির পাশের রাস্তার জমি নিয়েও বিরোধ ছিল।
পুলিশ জানায়, বিরোধের জেরে রোববার দুপুরে কয়েকজন আজিজুল হকের বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়ের ওপর হামলার ঘটনা ঘটে। তাঁকে গাছের ডাল ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় প্রথমে আসাদুজ্জামান (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৬ অক্টোবর) ভোরে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁর ভাই আশিকুজ্জামান আলো মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মনোরঞ্জন রায় দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।