শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশব্যাপী শ্রমিক শ্রেণিকে সুসংগঠিত করার লক্ষ্যে জনতার দলের অঙ্গ-সহযোগী সংগঠন ‘শ্রমিক জনতার দল’-এর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল বারেক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোছা. রিয়া পারভিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রনি ইসলামকে মনোনীত করা হয়েছে।
জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল এবং মহাসচিব মো. আজম খানের যৌথ স্বাক্ষরে অনুমোদিত এই পূর্ণাঙ্গ কমিটির তালিকা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
ঘোষিত ১০১ সদস্যের কমিটিতে সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকসহ একাধিক সম্পাদকীয় পদে দক্ষ নেতাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া সংগঠনটিকে গতিশীল করতে শ্রমিক কল্যাণ, পরিবহন, নারী বিষয়ক, তথ্য ও গবেষণা, প্রচার ও প্রকাশনা এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপ-বিভাগে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, নতুন এই শক্তিশালী কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে দেশের শ্রমজীবী মানুষের সার্বিক অধিকার আদায়, কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও গতিশীল হবে।