মাগুরার শ্রীপুরে বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মৃত দুই যুবক হলেন মাগুরা সদর উপজেলার মকরদোম খোলা গ্রামের মো. আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২৮)।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া সার্বজনীন পূজামণ্ডপে বন্ধুদের সঙ্গে মদপান করেন আলমগীর ও বিধান। এর কিছুক্ষণ পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের তথ্য অনুযায়ী, অসুস্থ হওয়ার পর আলমগীরকে তাঁর বন্ধুরা হাসপাতালে না নিয়ে বাড়িতে পৌঁছে দেন। বৃহস্পতিবার রাতে বাড়িতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে শুক্রবার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, অসুস্থ হয়ে পড়ার পর বিধান প্রথমে বাড়িতেই অবস্থান করেন। তাঁর চাচি সুপ্রিয়া সাহা জানান, দশমীর রাতে মদপানের পর বিধান অসুস্থ হয়ে পড়েন।
পরে শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান জানান, দুই যুবককে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে পুলিশকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিবেদন: মাগুরা প্রতিনিধি
সূত্র: পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ