চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকায় ভয়াবহ পাহাড়ধসে সন্তানহারা এক অসহায় ও দুর্দশাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ফজলুল মুরাদ। শোকে কাতর পরিবারটির বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে তিনি নিজ উদ্যোগে একটি নলকূপ স্থাপনের ব্যবস্থা করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গেড়ামারা এলাকায় কয়েক মাস আগে ঘটে যাওয়া মর্মান্তিক পাহাড়ধসে পরিবারটির একমাত্র উপার্জনক্ষম সন্তান প্রাণ হারান। একমাত্র সন্তানকে হারিয়ে একদিকে শোক, অন্যদিকে চরম আর্থিক অনটনে পড়ে পরিবারটি। এর ওপর বিশুদ্ধ পানির তীব্র সংকট তাদের দৈনন্দিন জীবনকে আরও দুর্বিষহ করে তোলে।
পরিবারটির এই মানবিক দুর্দশার খবর পেয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন বিএনপি নেতা ফজলুল মুরাদ। তিনি ব্যক্তিগত উদ্যোগে সেখানে একটি নলকূপ স্থাপন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন।
নলকূপটি স্থাপন করায় পরিবারটির দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট দূর হয়েছে। স্থানীয়রা ফজলুল মুরাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা জানিয়েছেন।