চট্টগ্রামের বোয়ালখালীতে সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুভ বিজয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জ্যৈষ্ঠপুরা মৈত্রী সংঘ ও দেবেন পাঠাগার পরিচালনা পরিষদের পক্ষ থেকে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা পরিচালনা পরিষদের সভাপতি শিবাশীষ সেন, ইউপি সদস্য প্রদীপ সূত্রধর, বিভু দে, চিকিৎসক জয় সেন, সহসভাপতি শ্রী কাঞ্চন দে, সঞ্জয় মহাজন, টিটু চৌধুরী, বিএনপি নেতা মুজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মাননা পেয়ে মুহাম্মদ হাসান চৌধুরী আয়োজক সংগঠন দুটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শ্রীপুর-খরণদ্বীপ-জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস অর্জনই তাঁর পথচলার অন্যতম প্রেরণা। এই সম্মাননা তাঁর একার অর্জন নয়, বরং ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন।
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও এ ধরনের স্বীকৃতি তাঁকে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
এ সময় সম্মাননা স্মারক প্রদান করায় জ্যৈষ্ঠপুরা মৈত্রী সংঘ ও দেবেন পাঠাগার পরিচালনা পরিষদের কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুহাম্মদ হাসান চৌধুরী। একই সঙ্গে তিনি সবার ভালোবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মুহাম্মদ হাসান চৌধুরী ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ-জ্যৈষ্ঠপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।