কুমিল্লার দেবীদ্বারে তিন দিন নিখোঁজ থাকার পর আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখার গ্রামের একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দক্ষিণখার গ্রামের আলী আজ্জমের বাড়ির পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে দেবীদ্বার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত আব্দুল খালেক দক্ষিণখার গ্রামের মৃত জুনাব আলীর ছেলে। তাঁর ছেলে সোহাগ মিয়া মরদেহটি শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নশু মার্কেটের আলম নামের এক গ্রাম্য চিকিৎসকের ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাড়ি থেকে বের হন আব্দুল খালেক।
এরপর বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। তিন দিন পর বৃহস্পতিবার ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় আব্দুল খালেকের হাতের মুঠোয় একটি টর্চলাইট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ডোবায় পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।