ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রক্তশূন্যতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলছে। রক্তশূন্যতার কারণে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভূমিমন্ত্রী নিজের সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আমি অসুস্থ।
আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই মন্ত্রী অসুস্থতা বোধ করছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি যোগ দেন।
এরপর বুধবার সকালে অসুস্থতা বেড়ে গেলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তিনি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন।
কালান্তর নিউজের পক্ষ থেকে ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।