কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে সিরাজগঞ্জ আদালতের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. হামিদুল ইসলাম টিটনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১০টার দিকে ভেড়ামারা উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখের সার্বিক দিকনির্দেশনায় উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. জয়নুল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার হামিদুল ইসলাম টিটন দক্ষিণ ভবানীপুর গ্রামের সিকান্দার প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের সি/আর ৪৩৭/১৮ নম্বর মামলায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লাখ ৭৮ হাজার ৩৫৩ টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ভেড়ামারা থানার ওসি মো. শামীম শেখ জানান, মামলার রায় ঘোষণার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আদালতের পরোয়ানা তামিল ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কালান্তর নিউজ