যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১, আগে আটক ৭
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে পাঁচজন সরকারি কর্মচারী বলে জানা গেছে।
এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কালান্তর নিউজ অনলাইন নিউজ ডেক্স